বিশেষ প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি।।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এছাড়া প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
ইসলামি দলগুলোর ঐক্য প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
এর আগে দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ করছে। এ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হয়।